চেক প্রতারণার মামলায় দুই শিল্পপতির জামিন
চেক প্রতারণার চারটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন দুই শিল্পপতি জহির আহম্মদ এবং তার ভাই টিপু সুলতান।
জহির নুরজাহান গ্রুপের অধীন মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। টিপু মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান।
দুজন বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন।
চারটি মামলার নির্ধারিত শুনানির দিনে হাজির না হওয়ায় মঙ্গলবার মহানগর দায়রা জজ এই দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এর মধ্যে একটি মামলায় জহির ও টিপু উভয়ই আসামি। বাকি তিনটি মামলায় আসামি শুধু টিপু।
মামলার বিবরণে দেখা যায়, নগরীর পাহাড়তলী থানাধীন ফৌজদারহাট শিল্প এলাকায় অবস্থিত মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে কমার্স ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেয়া হয়।
২০১২ সালের ২৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার বিপরীতে পাঁচ কোটি টাকার একটি চেক দেয়া হয়। চেকের বিপরীতে টাকা তুলতে গিয়ে পর্যাপ্ত তহবিল না থাকায় ব্যর্থ হয় কমার্স ব্যাংক কর্তৃপক্ষ।
এরপর কমার্স ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে জহির ও টিপুর বিরুদ্ধে মামলা করেন।
আদালত আগামী ৪ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এদিকে সোনালী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে নেয়া ঋণের বিপরীতে ২০১২ সালের ২৮ জুন পাঁচ কোটি টাকা করে দুটি এবং চার কোটি টাকার একটি চেক দেন টিপু।
ওই বছরের ৫ অগাস্ট চেক তিনটিও পর্যাপ্ত তহবিলের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর ২০১২ সালের ২৮ অক্টোবর সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে তিনটি চেকের বিপরীতে তিনটি মামলা করেন।
আদালত আগামী ৫ মার্চ মামলা তিনটির অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।
চেক প্রতারণার মামলায় দুই শিল্পপতির বিরুদ্ধে পরোয়ানা
