ময়মনসিংহে গৃহবধূসহ ২ খুন
ময়মনসিংহে দুটি পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুই জন খুন হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার সকালে সদরে জমি নিয়ে সংঘর্ষে কৃষক রফিকুল ইসলাম (৪০)এবং মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনে গৃহবধূ শিল্পীর (২৮) মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, সকালে সদরের ঘাগড়া এলাকায় বিরোধপূর্ণ জমি দখল নিয়ে কামরুল ও লিটন সমর্থকদের মধ্যে সংঘর্ষে রফিকুল মারা যান।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে বলেও জানান তিনি।
গুরুতর আহত মিঠুন, রুমা ও জিয়াউলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় লিটনকে আটক করা হয়েছে।
এদিকে, পারিবারিক কলহের কারণে গৃহবধূ শিল্পীর মৃত্যু হয় ঈশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কোনো এক সময় স্বামী মাসুদ স্ত্রী শিল্পীকে শারীরিক নির্যাতন করে খুন করে।
এই ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, নিহত শিল্পীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
