এক পরিবারে একাধিক প্রাইভেটকার নিবন্ধনে কড়াকড়ির ইঙ্গিত
প্রাইভেটকার নিয়ন্ত্রণে এক পরিবারের একাধিক ব্যক্তির নামে গাড়ির নিবন্ধনে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার গুলিস্থান মোড়ের যানজট দেখে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এই ইঙ্গিত দেন।
যোগাযোগমন্ত্রী বলেন, “ঢাকায় এক পরিবারের ৮/১০টি গাড়ি একসঙ্গে বের হচ্ছে, এটি যানজটের অন্যতম কারণ।”
রাজধানীতে যে হারে প্রাইভেট গাড়ি বাড়ছে, তাতে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ ব্যাপারে প্রধানমন্ত্রী গত মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ফ্রি স্টাইলে লাইসেন্স দেয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন।”
কী সিদ্ধান্ত আসবে- তা স্পষ্ট করে না জানালেও যোগাযোগমন্ত্রী বলেন, “এ ব্যাপারে সরকারের পদক্ষেপের সুফল জনগণ কিছুদিনের মধ্যেই পাবে।”
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে রাজধানীতে নিবন্ধন করা বিভিন্ন ধরনের প্রায় ৮ লাখ যান চলাচল করে।
এর মধ্যে নিবন্ধন করা প্রাইভেটকার রয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার।
গত জানুয়ারি মাসেই ৭৭৮টি প্রাইভেটকার এবং ১০৫টি জিপ রেজিস্ট্রেশন দেয় বিআরটিএ।
