২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় নির্বাচন বর্জন করে বিএনপির হরতাল

নির্বাচনে কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং তাদের সমর্থক ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী রাকিবুল হাসান দীপু।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কবিরপুরের ভোটকেন্দ্রের বাইরে এসে এ ঘোষণা দেন তিনি।

অপর নির্বাচন বর্জনকারীরা বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার এ সময় তার পাশে ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে বারবার বলেছেন।

“কিন্তু কোন কাজ হয়নি।”

সরকারি দলের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবাদে তিনি বৃহস্পতিবার শৈলকুপায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

তবে বিএনপি নেতার এসব অভিযোগ অস্বীকার করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহম্মদ আলি প্রিন্স।

তার দাবি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হচ্ছে।