মিরসরাইয়ে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কয়েকটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিনের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে মিরসরাইয়ের ছোট কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন গিয়াস উদ্দিন।
তিনি বলেন, “মিরসরাইয়ের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের লোকজন আমার পক্ষের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে জোর করে বের করে দিচ্ছেন।”
এছাড়া বিভিন্ন কেন্দ্রে নারীদের যেতে বাধা দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইঞ্জিনিয়ার মোশাররফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানকে সমর্থন দিচ্ছেন।
চট্টগ্রামে প্রথম দফায় হাটহাজারী ও মিরসরাই উপজেলাতেই ভোট হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরেরর দিকে দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার বাড়তে দেখা যায়।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোন ঝামেলা নেই।”
মিরসরাইয়ে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া হাটহাজারীতে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
