২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার বার্তা: রাসেলের বিরুদ্ধে ২ মামলা

আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 02:38 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

আল কায়েদার ‘টেপ’ ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, র‌্যাব-১২ উপ-সহকারী পরিচালক কামাল হোসেন মঙ্গলবার রাতে মামলা দুটি দায়ের করে রাসেলকে থানায় হস্তান্তর করেন।

টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের শেষ বর্ষের ছাত্র রাসেলের (২১) বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় সরকার ও সরকার প্রধানের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বুধবার বিকালে রাসেলকে আদালতে হাজির করে দুই মামলায় মোট ১৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

রাসেলকে মঙ্গলবার টাঙ্গাইল শহরের মাঝিপাড়া থেকে আটক করে  র‌্যাব। পরে ঢাকার উত্তরায় র‌্যাবের প্রধান কার্যালয়ে রাসেল সাংবাদিকদের সামনেই স্বীকার করেন- ‘দাওয়াহ ইল্লাল্লাহ’ নামের একটি ওয়েবসাইটে জাওয়াহিরির অডিও ক্লিপটি পেয়ে তিনি বিভিন্ন সাইট ও ফেইসবুকে সেটি ‘পোস্ট ও শেয়ার’ করেন।

ওই অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান ওই সংবাদ সম্মেলনে বলেন, “যাবতীয় কর্মকাণ্ড দেখে ধারণা করা যাচ্ছে- রাসেল আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কার্যক্রম এদেশে প্রচারের সঙ্গেও জড়িত।”