সাভারে দেয়াল চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
সাভারে দেয়াল চাপা পড়ে মারা গেছে এক মাদ্রাসা ছাত্র।
নিহত ফরহাদ হোসেন (১০) আক্রাইন গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। সে খাগান বাহারুল উলুম মাদরাসা ও গোলাম তারেক রহমান এতিমখানার হিফজ বিভাগের ছাত্র।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল আনুমানিক ১০ টার দিকে ফরহাদ মাদ্রাসার পাশে সহপাঠীদের সঙ্গে খেলছিল। হঠাৎ পাশের মুরাদ হোসেনের বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
