কেন্দ্রে ঢুকে ভোট চাওয়ায় বিএনপি কর্মীকে জরিমানা
কেন্দ্রের ভেতরে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে মাগুরায় বিএনপির এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পারনান্দুয়ালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি কর্মী মহসিন আলীকে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
ম্যাজিস্ট্রেট জানান, সকাল ১১টার দিকে ওই কেন্দ্রে ঢুকে সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন আহমেদের পক্ষে ভোট চওয়ার অভিযোগে মহসিন আলীকে পুলিশ আটক করে।
“পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে উপজেলা নির্বাচন ২০১৩ এর ৭৫ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।”
তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় না হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
