নোয়াখালীতে দুর্ঘটনায় নিহত ৪
নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর-সুবর্ণচর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে উত্তর ওয়াপদা ও মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুবর্ণচর থেকে ২৫ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান জেলা সদরের দিকে আসছিল।
এ সময় উত্তর ওয়াপদা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি হয়। সংঘর্ষে পিকআপ ভ্যান পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই নুরুন্নবী ও আজাদ নামের দুই শ্রমিক নিহত হন।
এই দুর্ঘটনায় আহত হন অন্তত আরো ২৫ জন।
আহতদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি মোশাররফ জানান।
এদিকে, একই সময় মান্নান নগর এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একজন নিহত হন।
ওসি মোশাররফ জানান, দুজনের লাশ হাসপাতাল থেকে পুলিশ আসার আগেই স্বজনরা বাড়ি নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
