গণজাগরণের লাকি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক
৩৬তম কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে, যাতে হাসান তারেক সভাপতি এবং স্লোগানকন্যা নামে পরিচিতি পাওয়া লাকি আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিন দিনের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি হয় বলে মঙ্গলবার সংগঠনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছর ফেব্রুয়ারিতে শাহবাগে গড়ে ওঠা ছাত্র-জনতার সমাবেশে স্লোগান দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন লাকি আক্তার।
যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের চলমান আন্দোলনেও সক্রিয় রয়েছেন ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই নেতা।
শাহবাগে লাখো মানুষের সমাবেশে কণ্ঠে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি তোলা লাকিকে ‘অগ্নিকণ্ঠী’, ‘স্লোগানকন্যা’ ইত্যাদি উপাধিতে অভিহিত করে গণমাধ্যম।
দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জি এম জিলানী শুভ।
কমিটিতে সহ-সভাপতি পদে আবু তারেক সোহেল, মারুফ বিল্লাহ তন্ময়, জাহিদুল ইসলাম সজীব, হাবিব হাসিবুর রহমান রিফাত, মতিউর রহমান, শহিদুল্লাহ শহীদ, আল আমিন আহমেদ জুন ও মাহমুদ হোসেন জুয়েল রয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন লিটন নন্দী, তন্ময় ধর ও বিধান কুমার বিশ্বাস।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সুমন সেন গুপ্ত। এছাড়া দপ্তর সম্পাদক আল আমিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অনিক রায়, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক জহিরুল ইসলাম প্রশান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক তুহিন কান্তি দাশ, ক্রীড়া সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন ইউনা ইসলাম।
বিদায়ী সভাপতি এস এম শুভর সঙ্গে সদস্য রয়েছেন রিয়াজ হোসেন, ফারহান হাবীব, সুকান্ত শীল, প্রেমাংশু মজুমদার, আহসান হাবীব, রাশেদুল হাসান সামীর, মিঠুন রায়, সোহেল রানা, আহমেদ আফরোজ, অন্তর চক্রবর্তী, মারুফ আহমেদ খান মানিক, আয়াতুল্লাহ খোমেনী, মুশফিক তপু, তাহমিদা আক্তার স্বর্ণা, আহমেদ পাশা, মাহমুদুল হাসান শাহীন, ঋদ্ধ অনিন্দ্য।
‘রুখবো শিক্ষা বৈষম্য, সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী আগ্রাসন, গড়বোই স্বদেশ মুক্তিযুদ্ধের চেতনায়’ এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলন উদ্বোধন করেন শিল্পী কাইয়ূম চৌধুরী।
১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন চলে, যাতে সারা দেশ থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।
