২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

রাজধানীর আদাবরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘কোটি টাকার’ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 10:42 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার কামরুল হাসান জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে শেখেরটেকের ‘বায়তুল আমান হাউজিং’ এর ওই বাড়িতে অভিযান চালানো হয়।

ওই বাড়ি থেকে লিংকন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কামরুল হাসান বলেন, “যেসব ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে তার দাম প্রায় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিংকন বলেছে, দীর্ঘদিন ধরে সে এ ব্যবসায় জড়িত।”

এর আগে গত ১ জানুয়ারি মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী রোডের জাফরাবাদ এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ দুই যুবককে আটক করে র‌্যাব।

ওই সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৭৭২টি সিম কার্ড এবং প্রায় ৫০ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া গত দুই মাসে ঢাকার কাফরুল, মিরপুর, খিলক্ষেত, পূর্ব মনিপুর এলাকা থেকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

গত বছরের ২২ ডিসেম্বর রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশিকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই অভিযানে দুই বাংলাদেশিও ধরা পড়েন।