জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার পাচ্ছে মোবাইল অপারেটররা
গ্রাহকের সরবরাহ করা তথ্য ও পরিচয় ঠিক আছে কি না, তা যাচাই করতে মোবাইল অপারেটররা আগামী মার্চে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পাচ্ছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মাস থেকে নতুন সংযোগ চালুর ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে এ সুযোগ পাবে বলে আশা করছি।”
এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে বিটিআরসি’র বৈঠক হয়েছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে বলেও জানান সুনীল কান্তি বোস।
জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেলে অপারেটররা অনলাইনে গ্রাহকের পরিচয় ও তথ্য নিশ্চিত করে সিম চালু করার ব্যবস্থা নিতে পারবে।
বিটিআরসি প্রধান বলেন, “আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ডেটাবেজের এ সার্ভার স্থাপন করা হবে এবং বিটিআরসি এটি মনিটরিং করবে।
এ বিষয়টি চূড়ান্ত করতে মোবাইল অপারেটর, বিটিআরসি এবং নির্বাচন কমিশন খুব শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠক করবে বলে জানান তিনি।
তথ্যভাণ্ডার ব্যবহারের জন্য অপারেটরদের ফি দিতে হবে বলেও জানান বিটিআরসি প্রধান।
বিটিআরসির নির্দেশে ২০১২ সালের ১২ অক্টোবর থেকে দেশে ‘প্রিঅ্যাকটিভ সিম’ (আগে থেকেই চালু) বিক্রি বন্ধ রয়েছে।
ওই নির্দেশনা অনুযায়ী, গ্রাহক পরিচয় নিশ্চিত করেই অপারেটররা সংযোগ (রিম/সিম) সচল করবে।
বর্তমানে জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো নথি ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ফোনের সংযোগ নিতে পারেন।
এক্ষেত্রে প্রায়ই নকল জাতীয় পরিচয়পত্র বা নথি ব্যবহারের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এসব সংযোগ চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহারেরও অভিযোগ এসেছে।
বর্তমানে নির্বাচন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড ভোটারদের এই তথ্যভান্ডার ব্যবহার করছে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখের বেশি।
আর বিটিআরসির তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ১১ কোটি ৩৭ লাখ।
