২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানগাঁও পোর্টে সুযোগ-সুবিধা বাড়বে: নৌমন্ত্রী

সম্প্রতি চালু হওয়া ঢাকার অদূরে পানগাঁও নৌবন্দর দিয়ে আমদানি-রপ্তানি গতিশীল রাখতে রাখতে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:07 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

তিনি বলেছেন, “কেরানীগঞ্জের পানগাঁও পোর্টের আমদানি-রপ্তানি কার‌্যক্রম সক্রিয় রাখতে সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।”

রোববার পানগাঁও টার্মিনালে ভবন প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে।”

চট্টগ্রাম বন্দরে কোনো ধরণের জট নেই জানিয়ে তিনি বলেন, “মংলা বন্দরের বিভিন্ন ধরনের চার্জ কমিয়ে আনা হয়েছে।”

তিনি জানান, এই বন্দরে চট্টগ্রাম থেকে কন্টেইনার আনার জন্য দুটি জাহাজ আনা হয়েছে।

এছাড়াও বিদেশ থেকে একটি এবং খুলনা ডকইয়ার্ডে নির্মাণাধীন দুটি জাহাজ চলতি বছরের মাঝামাঝি আনা হবে বলে জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

প্রায় চারশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বন্দরটি গত বছরের ৭নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন।