২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম ফ্ল্যাট: ঢাকায় বাড়ি না থাকা সাংসদরা অগ্রাধিকার পাবেন

সংসদ সদস্যদের মধ্যে যাদের রাজধানীতে বাড়ি বা ফ্ল্যাট নেই তাদের মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বাসা বরাদ্দে অগ্রাধিকার দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 10:55 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার সংসদ ভবনে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক শেষে জানান কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “অনেক সংসদ সদস্য আছেন যাদের ঢাকায় নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নেই। ন্যাম ভবনে ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে কমিটি সিদ্ধান্ত নিয়েছে।”

গত ৯ ফেব্রুয়ারি সংসদ কমিটির প্রথম বৈঠকে মন্ত্রীদের সংসদ সদস্য ভবনে বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা সম্পন্ন কোনো সাংসদ যদি ন্যাম ফ্ল্যাটে থাকতে আগ্রহ দেখান তবে তাদেরকে সরকার কাছ থেকে পাওয়া বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ ট্রেজারি চালানের মাধ্যমে সংসদ সচিবালয়ে জমা দেয়ার নিয়ম করা হয়েছে।

কমিটির সভাপতি প্রধান হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, মো. তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, মাহবুব আরা বেগম গিনি, নাজমুল হক প্রধান, তালুকদার মো. ইউনুস এবং পঞ্চানন বিশ্বাস বৈঠকে অংশ নেন।