২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিষ্টাচার মেনে চলুন, কূটনীতিকদের সেলিম

পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকের তৎপরতায় উষ্মা প্রকাশ করে ক্ষমতাসীন দলের নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কূটনৈতিক শিষ্টাচার মেনে না চললে সরকার কঠোর হতে বাধ্য হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:36 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার জাতীয় সংসদে মাগরিবের বিরতির পর এক অনির্ধারিত আলোচনায় আল-কায়েদার বার্তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেলিম।

তিনি বলেন, “বিএনপি-জামাত আল-কায়দার দোসর। বিএনপির এক নেতা বলেছেন, বাংলাদেশ একটি বিশাল কারাগার। আল-জাওয়াহিরিও এই কথা বলেছে।”

জামায়াতে ইসলামী সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও সে বিষয়ে কথা না বলায় কূটনীতিকদের সমালোচনা করেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম

শেখ ফজলুল করিম সেলিম

শেখ ফজলুল করিম সেলিম

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, বিভিন্ন সময়ে পশ্চিমা কূটনীতিকরা জামায়াতকে মডারেট ইসলামিক দল বলে আখ্যায়িত করেছে।

“তাদের অনেক প্রভু আছে। আল-কায়েদা আছে। তাদের বিদেশি প্রভুরা এসে বললো, জামাত মডারেট ইসলামিক দল।

“তারা বাড়ি-ঘর পুড়াচ্ছে, লুটপাট করছে, হিন্দুদের হত্যা ও ধর্ষণ করছে- সে কথাটা তাদের বিদেশি বন্ধুরা বললো না।”

পশ্চিমা কূটনীতিকদের উদ্দেশ্যে শেখ সেলিম বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিলে আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিতে হবে।”নির্বাচন ঘিরে কূটনীতিকদের তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের বিষয়ে নাক গলাবেন না। চলাফেরা সীমিত করেন। এক নেত্রীর সঙ্গে নির্বাচনের পর চারবার দেখা করেন। এটা বাদ দেন। চক্রান্ত করে কিছু করতে পারবেন না। চক্রান্ত করে একাত্তরে কিছু করতে পারেন নাই। এখনো পারবেন না।”কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “না হলে আমরা কঠোর হতে বাধ্য হবো। আমরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ মেনে নেবো না।”

নাম উল্রেখ না করেও আমেরিকার দিকে সরাসরি ঈঙ্গিত করে সরকারি দলের এই সাংসদ বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল-কায়েদার হামলার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করা হয়েছিল, নিন্দা জানানো হয়েছিল।তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের পর আমাদের এতোগুলো জানমালের ক্ষতি হলো। আপনারা তো দুঃখ প্রকাশ করলেন না।”

নির্বাচন নিয়ে কূটনীতিকদের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “নতুন নির্বাচনের কথা বলেন। কিসের নির্বাচন? আমরা নির্বাচিত হয়েছি পাঁচ বছরের জন্য।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম বলেন, “বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশ হলে, পাকিস্তানের মতো দেশ হলে আমরা কোথায় কী দাড়াবো?”