২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ‘২০ জেলে অপহৃত, ৬ জন নিখোঁজ’

বরগুনার তালতলী থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় ২০ জেলেকে অপহৃত ও ৬ জেলে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার ভোরের দিকে  মুক্তিপণের দাবিতে ২০ জন জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, ১০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়।এ সময় আব্দুল জলিলের একটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করা হয়েছে।

অপহৃত জেলেদের মধ্যে ছগির, আইউব আলী, ইউসুফ এবং পান্না মিয়ার নাম জানা গেছে বলে জানান তিনি।

এ ছাড়া ডাকাতির সময় ৬ জন জেলে নিখোঁজ হয়েছেন বলেও জানান মোস্তফা।

এদের মধ্যে সোহরাব, মিন্টু এবং হাদিসের নাম জানা গেছে।

অপহৃত ও নিখোঁজ সব জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনার কথা শুনেছেন বলে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার লে. শহীদ আল-আহসান।

তিনি বলেন, “অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।”