২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ব্লগারের বিরুদ্ধে মামলা স্থগিত

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে চার ব্লগারের বিরুদ্ধে দুই মামলার কার‌্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 06:12 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার চারজনের পৃথক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়।

ওই চার ব্লগারের মধ্যে মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজ এক মামলার আসামি। আর আসিফ মহিউদ্দীন অপর মামলার আসামি।

স্থগিতাদেশের পাশাপাশি ওই দুই মামলার কার‌্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে তিন সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে বলেছে আদালত।

ব্লগারদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জ্যেতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন মেহেদি। তাকে সহায়তা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

গত বছরের ৮ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ মো. জহুরুল হক দুই মামলার অভিযোগ গঠন করে ওই চার ব্লগারের বিচার শুরুর আদেশ দেন।

তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পর এই প্রথম কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সংশোধিত আইনে অপরাধ প্রমাণিত হলে আসামিদের সাত থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

হেফাজত ইসলাম নামে কওমী মাদ্রাসাভিত্তিক একটি ধর্মীয় সংগঠনের দাবির পর গত বছরের ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর দু’দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গ্রেপ্তার করা হয় আসিফকে।

১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দাখিল করে পুলিশ। এর ভিত্তিতে এক মামলায় শুভ, পারভেজ ও বিপ্লব এবং অন্য মামলায় আসিফকে আসামি করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ১ ও ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় চারজনের বিরুদ্ধে। চারজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

রাসেল ও শুভ ১২ মে এবং বিপ্লব ২ জুন জামিন পান। প্রায় তিনমাস কারাগারে কাটানোর পর গত ২৭ জুন জামিন পান আসিফ।