ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া ও ভোট দিয়ে বাড়ি ফেরার সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে রোববার নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ নিদের্শ দেন তিনি।
জেলা প্রশাসক মো. জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ নির্বাচন কমিশনার।
তিনি উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রত্যেক ভোটার বাড়ি থেকে ভোট কেন্দ্রে এসে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। এটা নিশ্চিত করার জন্য আপনারা সব রকম ব্যবস্থা নিবেন।
দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে সন্ধ্যার আগেই ভোট গণনা শেষ করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, প্রার্থীদের মনে রাখতে হবে তারা একই দেশের নাগরিক। তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী; শত্রু নন। সবার প্রতি সমান আচরণ করবেন। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নাই।
“নির্বাচনে দেশ বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকরা থাকবেন। আপনারা সেভাবেই নিজেদের পরিচালিত করবেন,” বলেন জাবেদ আলী।
