২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলে যাওয়া মায়ের ঠাঁই পুনর্বাসন কেন্দ্রে

কুমিল্লা থেকে বরিশালে ফেলে যাওয়া ৮৫ বছরের বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 05:24 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

গত ৩০ জানুয়ারি রাতে কুমিল্লা থেকে বৃদ্ধা আরাফাতুন্নেছাকে গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডে পথের পাশে রেখে চলে যায় দুই ছেলে শামীম ও শাহীন।

এর ১০ দিন পর (৮ ফেব্রুয়ারি) বৃদ্ধাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হাসান পাটোয়ারী।

এ বিষয়ে গত ৯ ফেব্রুয়ারি ‘রাস্তায় ফেলে গেছে মাকে’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন চিকিৎসায় থাকার পর শনিবার বিকালে আরাফাতুন্নেছাকে গাজীপুরে নিয়ে যায় পুনর্বাসন কেন্দ্র কর্তৃপক্ষ। পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার আগে পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসলেম উদ্দিন খান জানান, গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সমন্বয়কারী রবিউল ইসলাম বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন।

রবিউল ইসলাম নিজে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেছেন। আরাফাতুন্নেছা এখন শারীরিকভাবে সুস্থ আছেন।

“বৃদ্ধার দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউ তার খোঁজ নিতে আসেনি।অথচ পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার সময়ও সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বৃদ্ধা মা,” বলেন ডা. মোসলেম উদ্দিন খান।

গত ৩০ জানুয়ারি রাতে বৃদ্ধাকে ছেলেরা ফেলে যায়। পরদিন স্থানীয় সাংবাদিকরা বৃদ্ধা আরাফাতুন্নেছার সঙ্গে কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, তার বাড়ি কুমিল্লায়। তার দুই ছেলে শামীম ও শাহীন। দুটি মেয়েও আছে।

দুছেলে তাকে গাড়িতে করে এখানে এনে বসিয়ে রেখে গেছে, আর ফিরে আসেনি।

কথা বলার ফাঁকে ফাঁকে তিনি শামীম ও শাহিনের নাম ধরে বারবার কান্নায় ভেঙে পড়েন।

মায়া হওয়ায় রাস্তা থেকে ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী।

কিন্তু বৃদ্ধার আশা ছিল, তার ছেলেরা তাকে বাড়ি ফিরিয়ে নিতে ওখানেই যাবে। তাই রাস্তার নিবাসী হয়ে থাকায় অনড় থাকেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দেয়া খাবার খেয়ে সন্তানদের ফিরে আসার আশায় শীতের মধ্যে সেখানে ১০ দিন টিকে ছিলেন তিনি। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তখন গৌরনদীর ইউএনও ঘটনাটি শুনে আরাফাতুন্নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।