নেতা অপহরণের প্রতিবাদে রংপুর মেডিকেলে কর্মচারীরা ধর্মঘটে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদককে অপহরণের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
রোববার সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু করে এবং একই দাবিতে হাসপাতাল পরিচালককে অবরুদ্ধ করে রেখে দফায় দফায় বিক্ষোভ করে তারা।
সাধারণ সম্পাদক আব্রাহম লিংকনকে শনিবার মাইক্রোবাসে করে কয়েকজন ধরে নিয়ে যায় বলে জানিয়ে চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহিনুর রহমান বলেন, সাধারণ সম্পাদক উদ্ধার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি বলেন, “শনিবার হাসপাতাল সংলগ্ন রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ১৫-২০ জন কর্মচারী কথা বলছিলাম। বেলা ১২টার সময় একটি সাদা মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে ১২জন সাদা পোশাকধারী নেমে আব্রাহাম লিংকনকে ধরে।
“আমরা বাধা দিলে পাঁচজন সাদা পোশাকধারী পিস্তল বের করে গুলি করার ভয় দেখিয়ে লিংকনকে টেনে হিচঁড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।”
এ ঘটনার পর থেকে পুলিশ ও র্যাব প্রশাসনে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাইনি, বলেন তিনি।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, “পুলিশ আব্রাহাম লিংকনকে আটক করা হয়নি। কারা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।”
র্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোতাহের হোসেন বলেন, র্যাবও তাকে আটক করেনি।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাবের অধিনায়ককে অবহিত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি।”
