যশোরের কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক ব্যক্তি।
কেশবপুর উপজেলার মীর্জানগরে রোববার ভোররাতে নিহত রজব আলী (৪১) ডাকাত বলে পুলিশের দাবি।
কেশবপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, মীর্জানগর গ্রামের রজবের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ১৪টি এবং হত্যার অভিযোগে চারটিসহ মোট ২৩টি মামলা রয়েছে।
শনিবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া থেকে রজবকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে নামা হয় বলে ওসি জানান।
“রাত পৌনে ২টার দিকে মীর্জানগর গ্রামে গেলে রজবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয় রজব, তখন তার সহযোগীরা পালিয়ে যায়।”
গুলিবিদ্ধ রজবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, বন্দুকযুদ্ধে পুলিশের তিন উপপরিদর্শক সুব্রত বণিক, কৃষ্ণপদ গাইন ও আকরাম হোসেন আহত হন।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
