২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়: মজীনা

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং পরিপূর্ণ ঝুড়ি বলে মন্তব্য করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়ের পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে মন্তব্য করেছিলেন।

মজীনা আশা করেন, অদূর ভবিষ্যতে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ নিয়ন্ত্রক হয়ে এশিয়ার অর্থনৈতিক বাঘ হিসেবে আভির্ভূত হবে।

শিগগিরই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে তৈরি করার লক্ষ্যে কাজ করতে আহবানও জানিয়ে তিনি বলেন, সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মজীনা বলেন, “শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পরিণত হবে পৃথিবীর বৃহৎ পোশাক, জুতো, ওষুধ ও চামড়াজাত পণ্যের রপ্তানিকারক দেশে।”

ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্বেও বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসর্ম্পূণ দেশ, বলেন তিনি।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন ডব্লিউ মজীনা। এ সময় ক্যাম্পাস চত্বরে একটি গাছের চারাও রোপন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।

নানা অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনাসভা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। দিনব্যাপি এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যায়ের কয়েকহাজার শিক্ষার্থী অংশ নেন।

২০০২ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।