রাজধানীতে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডা এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ে দেয়াল তৈরির সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাড্ডা থানার উপ পরিদর্শক খান নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড্ডা জেনারেল হাসপাতালের উত্তর পাশে একটি প্লটে শনিবার দুপুরে এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহত দুই শ্রমিকের মধ্যে একজনের নাম আব্দুল জলিল (৩৬)। আর আহত শ্রমিকের নাম মো. তালেব (৩৪)।
নিহত অন্যজনের পরিচয় জানাতে পারেননি এসআই নুরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাড়ি নির্মাণের জন্য ওই প্লটে ১০ ফুট মাটি খুঁড়ে চারদিকে অপরিকল্পিতভাবে দেয়াল নির্মাণ চলছিল। বেলা ২টার দিকে একপাশের দেয়াল ধসে পড়লে তিনজন চাপা পড়েন।”
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান এই পুলিশ সদস্য।
আহত তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই প্রকৌশলীসহ ওই বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে এসআই নুরুল জানান।
