চট্টগ্রামে জুতা কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় একটি জুতা কারখানায় আগুন লেগে পুড়ে গেছে যন্ত্রপাতি ও কাঁচামাল।
ফায়ার সার্ভিসের কর্মকতারা জানান, শনিবার দুপুর ১টার দিকের ইপিজেড এলাকার শিং জেং নামের দক্ষিণ কোরিয়ার ওই কারখানায় আগুন লাগে।তবে এতে কেউ হতাহত হননি।
অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।
শিং জেং-এর উপ-মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একতলা কারখানা ভবনে দুই শিফটে মোট ৯৮ জন শ্রমিক কাজ করে। দুপুরে খাবার সময় যখন আগুন লাগে, তখন পাঁচ-সাতজন শ্রমিক ভেতরে ছিলেন। তারাও দ্রুত বেরিয়ে আসেন।"
তিনি জানান,আগুনে যন্ত্রপাতি,কাঁচামাল,জুতার সোলসহ কারখানার অধিকাংশ মালামাল পুড়ে গেছে।ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে টাকার অংকে ক্ষয়ক্ষতির পরিমাণ উপ-মহাব্যবস্থাপক জানাতে পারেননি।
জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আগুনে কারখানায় রাখা রাসায়নিক,যন্ত্রপাতি,জুতা,ড্রাম পুড়ে যায়।
তিনি জানান,বেলা ২টা ৪০ মিনিটে আগুন একবার নিয়ন্ত্রণে এলেও পরে আবার কিছু রাসায়নিকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আবার আগুন নিয়ন্ত্রণে আনেন।
