২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে আগুন লেগে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো দুই বাংলাদেশিসহ আটজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 01:58 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍মুখপাত্র শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দক্ষিণ জেদ্দার আল জামেয়া জেলার একটি তিনতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- আমিনুল ইসলাম ও মো. জাফর। দুজনেরই বাড়ি মানিকগঞ্জ জেলায়। তবে আহতদের নাম জানাতে পারেননি শামীম।

স্থানীয় দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ওই ভবনে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ইয়েমেনের পাঁচ নাগরিক ও একজন অগ্নি নির্বাপক কর্মীও রয়েছেন। তাদের কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাঈদ সারহানকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, তিন তলা ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট আগুন নেভায় এবং বাসিন্দাদের উদ্ধার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,  ওই বাড়িতে যে বাংলাদেশিরা ছিলেন, তাদের পাসপোর্টসহ সব কিছুই পুড়ে গেছে। সৌদি আরবের বাংলাদেশ মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত কাজ নিয়ে সৌদি আরবে গেছেন ২৫ লাখ ৮০ হাজার বাংলাদেশি। তাদের মধ্যে অন্তত ১৫ লাখ এখনো বৈধভাবে সেখানে অবস্থান করছেন।