মোটরসাইকেল ধাক্কায় শাবি শিক্ষক আহত
মোটরসাইকেলের ধাক্কায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষক আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে আহত হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ রাকিব উদ্দিন।
এরপর সহকর্মীরা তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে রাকিব উদ্দিনের সহকর্মী একই বিভাগের প্রধান মস্তাবুর রহমান জানান, তার বাম পায়ের দু’টি হাড় ভেঙে গেছে।
এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে বলেও জানিয়েছেন মস্তাবুর।
মোটরসাইকেলসহ এর দুই আরোহীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালানো ও ক্যাম্পাসকে সংরক্ষিত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ এবং দুর্ঘটনার দায়ে দুই আরোহীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল সাড়ে চারটা থেকে শাবির প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করে।
