‘নতুন জামা না পেয়ে’ স্কুলছাত্রীর আত্মহত্যা
বাবা নতুন জামা কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে দিনাজপুরের এক স্কুলছাত্রী।
শহরের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আইভি (১১) বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান।
আইভি ওই এলাকার রিকশাচালক আকবর আলীর মেয়ে।
আইভির পরিবারের বরাত দিয়ে ওসি আলতাফ হোসেন জানান, আইভি বৃহস্পতিবার বিকালে বাবার কাছে নতুন জামা কিনে দেয়ার বায়না ধরে।
বাবা আকবর আলী পরে জামা কিনে দেয়ার কথা বললে রাতে আইভি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শুক্রবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।
