২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 01:44 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার রাতে ওই হামলায় আহত আবুল হোসেনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি আহম্মদ মো. নিজাম উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবুল হোসেন বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। ফুলগাজী থানার সামনে দিয়ে শ্রীপুর সড়ক হয়ে কিছুদুর যাওয়ার পর কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা করে।

“সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে পথচারীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।”

সেখান থেকে পরে একটি ক্লিনিকে ভর্তি করা হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় আবুল হোসেনকে রাতেই ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।

কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।