আমিরাতে ৩ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
চার বছর আগে এক ভারতীয়কে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বাংলাদেশির শাস্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত তিন প্রবাসী হলেন- মোহাম্মদ নায়েব আলী, কামরুল ইসলাম ও আতিক আশরাফ হোসেন।
গত ২২ জানুয়ারি শারজাহতে ওই তিন প্রবাসীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের শিকার ভারতীয় নাগরিকের পরিবারের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা চালাতে তাদেরকে বাড়তি ছয়মাস সময় দেয়া হয়েছে।
আমিরাতের রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ চিঠি মারফতে অনুরোধ জানানোর পর এই মৃত্যুদণ্ড কার্যকর স্থাগিত করা হয় বলে তিনি জানান।
২০০৯ সালে হত্যাকাণ্ডের শিকার ওই ভারতীয়ের নাম তারজাহান তারু। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।
নৃপেন্দ্রনাথ বলেন, “সব ধরনের আইনি প্রক্রিয়া ও আপিল শেষে গত নভেম্বরে ওই তিন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।”
আমিরাতে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে নিহতের পরিবার যদি ক্ষমা করেন, তাহলে আসামির ছাড় পাওয়ার সুযোগও আইনে রয়েছে।
নৃপেন্দ্রনাথ বলেন, “সাময়িকভাবে স্থগিত হওয়ায় যে বাড়তি সময় পাওয়া গেছে, তা মূলত নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে ক্ষমা চাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নেয়া হয়েছে।”
