এসএসসি: ইংরেজি পরীক্ষায় বহিষ্কার ৯৯
এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে অনিয়মের জন্য বিভিন্ন বোর্ডে ৯৯ শিক্ষার্থী এবং চার পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সারা দেশে পাঁচ হাজার ২৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল এদিন।
এসএসসি পরীক্ষা উপলক্ষে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত তিন দিনের পরীক্ষায় ১৭ হাজার ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ১৩২ পরীক্ষার্থী ও পাঁচ পরিদর্শককে বহিষ্কার করা হলো।
বৃহস্পতিবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ফিকক ও উলুসুল ফিকহ এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালে ইংরেজি-২ পরীক্ষা হয়েছে।
তৃতীয় দিনে পরীক্ষায় নকলের দায়ে কারিগরি বোর্ডে ১৯ জন, মাদ্রাসা বোর্ডে ১১ জন, ঢাকা বোর্ডে ১৪ জন, রাজশাহীতে ছয় জন, কুমিল্লায় ৩০ জন, যশোরে দুই জন, চট্টগ্রামে তিন জন, বরিশালে ১১ জন এবং দিনাজপুর বোর্ডে তিন জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আর ঢাকা বোর্ডে এক হাজার ২৪ জন, রাজশাহীতে ৩০০ জন, কুমিল্লায় ৪৬২ জন, যশোরে ৪০৯ জন, চট্টগ্রামে ৩০৭ জন, সিলেটে ২১১ জন, রবিশালে ২০৪ জন এবং দিনাজপুর বোর্ডে ৩৫২ জন অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডে ৮০৩ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ৫৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
দেশের দুই হাজার ৯৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এই পরীক্ষায় এবার এক লাখের মতো শিক্ষার্থী বেড়েছে।
গত পাঁচ বছর ১ ফেব্রুয়ারি খেকে এসএসসি পরীক্ষা নেয়া হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা আট দিন পিছিয়ে দেয়া হয়।
আগামী ২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ, ২০ মে’র মধ্যে ফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
