নিখোঁজের ৪ দিন পর টাঙ্গাইলে ছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের ৪ দিন পর টাঙ্গাইলে নাসিরুন রহমান নিপুণ (১৮) নামের এক ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বড়পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
করটিয়া সরকারি সাদত কলেজে বিএ (অনার্স) প্রথমবর্ষের ছাত্র নাসিরুল শহরের কাগমারা গ্রামের আবুল বাসার পাশার ছেলে।
টাঙ্গাইল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শহরের ব্যস্ততম বড় পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে সেখানে এসে নিপুনের মা লাশ সনাক্ত করেন।
লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুএক দিনের মধ্যে যে কোনো সময় তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।
এদিকে নিপুনের মা জানান, গত রোববার নিপুন নিখোঁজ হয়। এ ব্যাপারে পরদিন টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
