অবসরপ্রাপ্ত সেনার বিরুদ্ধে ছোটভাইকে হত্যার অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে শেরপুরের নালিতাবাড়ীতে ছোট ভাইকে জবাই করে হত্যার পর এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লার পাড় গ্রামে দুলাল মিয়া (৩৭)এ ঘটনায় নিহত হন বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল ইসলাম।
এ হত্যাকাণ্ডের জন্য তার বড়ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেককে অভিযুক্ত করা হয়েছে। তাদের বাবা মৃত মোফাজ্জল হোসেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৫টার দিকে পাশের ঘরে থাকা ছোট ভাইকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে কোপায়।
পরে তার জবাই করা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লাশ ময়নাতদন্ত করে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনায় আব্দুল মালেককে আসামি করে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন।
