কক্সবাজারে পর্যটক অপহরণের ঘটনায় আটক যুবকের মৃত্যু
কক্সবাজারে চার পর্যটককে অপহরণ করে মারধরের ঘটনায় আটক এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরমানুল করিম(৩২) কক্সবাজার সদরে জানারঘোনা এলাকার মৃত ইউশার ছেলে।
সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে অপহৃত চার পর্যটককে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত আরমানুল চারজনকে আটক করে।
এ ঘটনায় আটক অপর ৩ জন হলেন হাফেজ আমান উল্লাহ (২৭), ওসমান সরওয়ার রানা (২৩) ও নুর মোহাম্মদ (২৮)।
ওই সময় স্থানীয়দের মারধরে আহত আরমানুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার চার যুবক কক্সবাজারে বেড়াতে যায়।
মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে লিংক রোডে যাওয়ার পথে পাওয়ার হাউস সংলগ্ন মেডিকেল কলেজ এলাকায় একদল ছিনতাইকারী তাদের অপহরণ ও মারধর করে।
এ ঘটনায় পর্যটক রঞ্জু হাওলাদার বাদি হয়ে মামলা করেন।
