সাত মাস পর মিললো এমভি হোপের দুই নাবিকের লাশ
দুর্ঘটনার সাত মাসেরও বেশি সময় পরে দেশে ফিরছে বাংলাদেশি জাহাজ এমভি হোপের নিখোঁজ দুই নাবিকের লাশ।
জাহাজ মালিকের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে জাহাজটির দ্বিতীয় প্রকৌশলী নেজাম উদ্দিন ও অয়েলার আলী হোসেনের লাশ ঢাকায় পৌঁছাবে।
এর পর ওইদিনই ঢাকা থেকে তাদের দুজনের লাশ চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে জানান তিনি।
আলী হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরায় এবং নেজামের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে।
ক্যাপ্টেন মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়েশিয়া থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে করে লাশ দুটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌঁছাবে।
“দুর্ঘটনার কয়েকমাস পর মালয়েশিয়ার লাংকাউই বন্দরে রাখা লাশ দুটি প্রাথমিকভাবে শনাক্ত করা হলেও তা নিশ্চিত ছিল না।
“পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে লাশ দুটি আলী হোসেন ও নেজাম উদ্দিনের। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
গত বছরের ৪ জুলাই ভোরে আন্দামান সাগরের ফুকেট উপকূলে ঝড়ের কবলে পরে কাত হয়ে যায় সিরামিক শিল্পের কাঁচামাল বহনকারী এমভি হোপ।
প্রাণ বাঁচাতে জাহাজের ১৭ নাবিকের মধ্যে কয়েকজন লাইফ বোট নিয়ে সাগরে ভেসে পড়েন। বাকিরা লাইফ জ্যাকেট নিয়েই সাগরে ঝাঁপ দেন।
দুর্ঘটনার কিছু সময় পরে থাই রয়েল নেভি এক নাবিককে এবং বাক্সমুন নামে একটি জাহাজ পাঁচ নাবিককে জীবিত উদ্ধার করে।
মহিউদ্দিন জানান, পরবর্তীতে আরো চারজনকে জীবিত এবং দুইজনের লাশ উদ্ধার করা হয়েছিল।
এনিয়ে ১৭ নাবিকের মধ্যে মোট নয়জন জীবিত, চারজনের লাশ উদ্ধার করা হল। বাকি চার নাবিক এখনো নিখোঁজ।
তারা হলেন- জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, ইলেকট্রিশিয়ান ছাদিম উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রধান কুক নাসির উদ্দিন।
নিহত আলী হোসেনের ছেলে মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ দুটি ঢাকায় পৌঁছানোর পর সরাসরি বাড়িতে নিয়ে যাওয়া হবে।
