নীলফামারীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার রংপুরে
নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে অপহৃত ব্যবসায়ী নূর আলমকে (৪০) রংপুর থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে রংপুর সদরের হাজীরহাট এলাকায় মহাসড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা সদর থেকে অপহৃত হন নূর আলম। তিনি ডিমলা উপজেলার জাড়জিগা গ্রামের রফিজুল ইসলামের ছেলে।
রংপুর হাসপাতাল থেকে নূর আলমের ছোটভাই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর আলমকে মহাড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
“তার পরনের শার্টের পকেটে বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর পেয়ে আমাদের খবর দেয়,” বলেন তিনি।
নূর আলম এখন কথা বলতে পারছেন না। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। তার চিকিৎসা চলছে।
অপহরণের আগে তার কাছে থাকা দুই লাখ ৮১ হাজার টাকা নেই বলেও জানান ওমর ফারুক।
সোমবার দুপুরে জলঢাকা উপজেলার ইসলামী ব্যাংক শাখা থেকে দুই লাখ ৮১ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার জন্য ডিমলা বাসস্ট্যান্ডে যাওয়ার সশয় দুর্বৃত্তরা তুলে নিয়ে যায় নূর আলমকে।
এ ঘটনায় ওই রাতেই নুর আলমের ভাই ওমর ফারুক বাদী হয়ে জলঢাকা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূর আলম চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
