বরগুনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।
বুধবার বেলা ১১টার দিকে ছুরিকাটা এলাকায় আমতলী-কলাপাড়া সড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- জালাল হাওলাদার ও সিদ্দিক ফকির। দুজনেই তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক আলামিন জানান, বরগুনা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পিএসআই দ্বীনবন্ধু ও হাবিলদার জাহাঙ্গীর হোসেন বেলা ১১টার দিকে আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা মোড়ে ট্রাফিক চেকপোস্ট বসিয়ে সড়কে যাতায়াতকারী যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন।
“মানিকঝুরি থেকে আমতলীগামী ভাড়ায় চালিত মোটরসাইকেলটিকে থামানোর জন্য সংকেত দিলে চালক হাসান না থেমে পালানোর চেষ্টা করেন। এ সময়ে পেছন থেকে পটুয়াখালীগামী অরজ-অরবিদ পরিবহন তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী সিদ্দিকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান জালাল।
মোটরসাইকেল চালক হাসান আহত অবস্থায় পালিয়ে গেছেন।
আমতলী থানার ওসি শামসুল হক জানান, পুলিশের থামানোর সংকেত পেয়ে মোটরসাইকেলটি ঘুরিয়ে পালাবার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
