২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার শহীদের জামিন ও হেফাজত নাকচ

পুলিশের এক সময়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও গত সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনারের জামিন ও পুলিশি হেফাজতে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 11:27 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার পাঁচদিনের পুলিশ হেফাজত শেষে আদালতে হাজির করার পর শহীদকে আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইলে ঢাকা মহানগর আদালতের বিচারক মো. হাসিবুল হক তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৪ ফেব্রুয়ারি ভোররাতে শহীদকে তার বাসা থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ২ জানুয়ারি ভোরে গেণ্ডারিয়ার ওই বাসা থেকে শহীদের সহযোগী হাফিজুর রহমানকে (৫০) আটক করে র‌্যাব।

তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি পিস্তল ও একটি শটগান। শহীদ বাসায় থাকলেও তাকে সে সময় গ্রেপ্তার করা হয়নি।

সংবাদ সম্মেলনে শহীদের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় অনেকগুলো মামলা রয়েছে র‌্যাব জানায়।

অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালতে শহীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলেও ১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে উচ্চ আদালত থেকে খালাস পান শহীদ। তার বিরুদ্ধে দায়ের করা আরো কয়েকটি হত্যা মামলা উচ্চ আদালতে আটকে আছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা শহীদ সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।