জামায়াতকে ভারতে আশ্রয় দেবেন না: সেলিম
বাংলাদেশের ‘মৌলবাদী সন্ত্রাসীরা’ যেন ভারতে আশ্রয় নিতে না পারে সে পদক্ষেপ নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সেলিম বলেন, “আমাদের জঙ্গি জামায়াত-শিবির ভারতে আশ্রয় নেবে তা কাম্য নয়। বাংলাদেশের জঙ্গি-সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নেবে এটা দুঃখজনক ঘটনা।”আইন-শৃংখলা বাহিনী যখন সাতক্ষীরায় অভিযান চালাচ্ছিল- সে সময় ভারতের তৃণমূল কংগ্রেসের নেতা ও নয়া দিগন্তের প্রতিনিধি হাসান আহমদ জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলেও মন্তব্য করেন সেলিম।তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘চমৎকার’। সে সম্পর্কে কেউ যদি ফাটল ধরাতে চায় সে বিষয়ে সজাগ থাকতে হবে।“বিএনপি-জামায়াত সীমান্ত এলাকায় উলফার ক্যাম্প করতে দিয়ে ভারতের বিপক্ষে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছিল। উলফাদের দশ ট্রাক অস্ত্র এনেছিল। আরো কতো অস্ত্র গেছে!”রোববার পশ্চিমবঙ্গের এক জনসভায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির ‘সম্পর্ক গভীর’ বলে অভিযোগ করেন সেখানকার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি ও সীমান্ত ইস্যু নিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতার অবস্থান নিয়ে সমালোচনা করে জামায়াতকে তৃণমূল কংগ্রেসের নেতারাই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে জনসভায় দাবি জানান বিমান।
ওই প্রসঙ্গ টেনে সেলিম সংসদে বলেন, “মমতা ব্যানার্জীকে অনুরোধ করব সন্ত্রাসী-মৌলবাদীদের যেন আশ্রয়-প্রশ্রয় দেয়া না হয়। তাদের সহযোগিতা না করে গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ করব।“এরা মৌলবাদী-সন্ত্রাসী। এদের কোনো দেশ নেই, সারা বিশ্বে এদের নেটওয়ার্ক আছে। এর ভারতেরও ক্ষতি করতে পারে।”
মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারের উদ্দেশ্যে সেলিম বলেন, “দুদেশের সম্পর্কে যেন ফাটল না ধরে। সেদিকে দেখবেন। দুদেশের মধ্যে আস্থা যেন নষ্ট না হয় সে ব্যবস্থা নেবেন।”দশট্রাক অস্ত্র মামলা ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল মন্তব্য করে সেলিম বলেন, “জজমিয়া সাজানো হয়েছিল। সেই মামলার রায় হয়েছে, উলফা নেতার সাজা হয়েছে।”
‘জামায়াতকে সাহায্য দিচ্ছেন মমতা’
