২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদক পাচ্ছেন বেলাল চৌধুরী, গোলাম সারওয়ার

মর্যাদাপূর্ণ একুশে পদক এই বছর পেতে যাচ্ছেন কবি বেলাল চৌধুরী ও সাংবাদিক গোলাম সারওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

তারাসহ ১৫ জনকে পদকের জন্য মনোনীত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১৫ জনের মধ্যে তিনজন মরণোত্তর পদক পাচ্ছেন। তারা হলেন-  ভাষাসৈনিক ডা. বদরুল আলম, নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও লেখক আবদুস শাকুর।

বদরুল আলম ভাষা আন্দোলনে, এস এম সোলায়মান শিল্পকলায় এবং আবদুস শাকুর ভাষা ও সাহিত্যে এই পদক যাচ্ছেন।

ভাষা আন্দোলনের জন্য এবার পদক পাচ্ছেন শামসুল হুদা। শিক্ষায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. অনুপম সেন। চিত্রকর সমরজিৎ রায় চৌধুরী এবং লোকসঙ্গীত শিল্পী ও সংগ্রাহক রামকানাই দাশ শিল্পকলায় পদক পাচ্ছেন।

গবেষণায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. এনামুল হক। সমাজসেবায় ডা. মুজিবুর রহমান এবং অভিনয়শিল্পী কেরামত মওলা শিল্পকলায় পুরস্কার পাচ্ছেন।

ভাষা ও সাহিত্যে এই বছর পদক পাচ্ছেন কবি রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।