ফ্লাইওভারে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে টিকাটুলির কাছে এ দুর্ঘটনা ঘটে।
শামীম রেজা (২৮) নামে ওই যুবক ফকিরাপুলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের সানারপাড় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শ্রাবণ পরিবহনের’ একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
