টেকনাফে খুন, ‘ইয়াবা ব্যবসায়ীর’ বিরুদ্ধে মামলা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবার ব্যবসায়ী চক্রের নির্যাতনে কিশোর নিহতের ঘটনায় মামলা রেকর্ড করেছে টেকনাফ থানা পুলিশ।
ঘটনার ২৪ দিন পর রোববার আদালতের নিদের্শে এ মামলাটি রেকর্ড করা হয় বলে বাদীর আইনজীবী জানিয়েছেন।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ এ মামলা রেকর্ডের সত্যতা স্বীকার করেছেন।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহানারা ফেরদৌসের আদালতে ১১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহত সরওয়ার ইসলামের মা ছকিনা খাতুন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ছলিমুল হক জানান, আদালত আবেদনটি আমলে নিয়ে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার ওসিকে নিদের্শ দেয়।
এর আগে থানা একটি মামলা নথিভুক্ত করলেও নিহতের স্বজনরা তাতে সন্তুষ্ট ছিলেন না।
মামলার আসামিরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হ্নীলার লেদা এলাকার নুর মোহাম্মদ, নুর মোহাম্মদের ছেলে নুরুল, ভাই শামসুল হুদা, ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আরেক ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদা, আরেক ভাই নুরুল কবির, একই এলাকার মোহাম্মদ আলম, সরোয়ার কামাল, আবছার উদ্দিন, শাহাব উদ্দিন, আনোয়ার ইসলাম ও মোহাম্মদ করিম।
অভিযোগে বলা হয়, ১২ জানুয়ারি রাতে র্যাব-৭ এর একটি দল পশ্চিম লেদা এলাকার নুর মোহাম্মদের বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ৩ লাখ ৮৯ হাজার টাকাসহ নুর মোহাম্মদের স্ত্রী মিনারা বেগমকে আটক করে।
এই মামলায় নুর মোহাম্মদকে পলাতক আসামি করা হয়। এ ঘটনায় র্যাবের সোর্স হিসেবে সন্দেহ করে নুর মোহাম্মদের নেতৃত্বে আসামিরা একই এলাকার সরওয়ার ইসলামকে (১৬) অপহরণ করে ব্যাপক নির্যাতন চালায়। এতে ১৭ জানুয়ারি হাসপাতালে সরওয়ারের মৃত্যু হয়।
ওই ঘটনায় ওইদিনই নিহতের চাচাত ভাই আবুল হাশেম বাদী হয়ে টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেছিলেন।
এজাহারে নুর মোহাম্মদকে (৪০) প্রধান করে ১১ জনকে আসামি করা হয়।
কিন্তু পুলিশ মামলাটি রেকর্ড না করে ২১ জানুয়ারি একটি মামলা রেকর্ড করে, যাতে বাদী দেখানো হয় নিহত কিশোরের বাবা আবদুস শুক্কুরকে। আসামি করা হয় চার জনকে, যাদের নাম ঠিকানার কোনো ব্যক্তি ওই এলাকায় নেই।
এর প্রেক্ষিতে কিশোরের মা ছকিনা খাতুন বাদি হয়ে আদালতে মামলা করেন।
