১১টি স্টেশনের সিগনাল ডিজিটাইজ করতে চুক্তি
রেলের উত্তর-পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী ও দর্শনা সেকশনের ১১টি স্টেশনের সিগনালিং ব্যবস্থাকে ‘ডিজিটালাইজ’ করতে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার দুপুরে রেলভবনে দেড়বছর মেয়াদী এই চুক্তি সইয়ের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, “রেলের উন্নয়নে বিশ বছরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাঁচ বছরের মধ্যে রেলের আধুনিকায়নের কাজ অনেক এগিয়ে যাবে।
“রেলকে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে চায় সরকার। এজন্য তারা স্বল্প খরচের যান হিসেবে রেলকে তৈরি করার পরিকল্পনা করেছেন।”
“অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে রেলে ‘নাশকতা’ চালানো হলেও যাত্রী সেবা নিশ্চিতের কথা ভেবে কিছুটা ‘সিডিউল বিপর্যয়’ হয়েছে ঠিকই কিন্তু একদিনও রেল-চলাচল বন্ধ হয়নি।”
রেলপথ মন্ত্রীর জনসংসংযোগ কর্মকর্তা মো: শরিফুল আলম জানান, রেলের সিগনালিং ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে হাতে নেয়া এ প্রকল্পটির পেছনে ব্যয় হবে ৮৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, মহাব্যবস্থাপক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং ভারতীয় প্রতিষ্ঠান ইরকনের জেনারেল ম্যানেজার মোহান দুদেজা প্রমুখ।
