মহেশখালী উপজেলায় নির্বাচন ১ মার্চ
হাই কোর্টের আদেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১ মার্চ করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপ সচিব মিহিরি সরওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে একথা জানানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
তিনি জানান, তপশীল অনুযায়ী দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারি মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা।
এই মেলা পরিচালনা কমিটির পক্ষে তত্ত্বাবধায়ক সুনীল চক্রবর্তী নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন।
ওই আবেদনে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি আদিনাথ মেলায় পূজা দিতে দেশ বিদেশ থেকে অসংখ্য পূণ্যার্থী মহেশখালীর আদিনাথে আসবেন। ওইদিন নির্বাচন হলে পূণ্যার্থীদের আগমনে বিঘ্ন ঘটার পাশাপাশি স্থানীয় পূজারীরা ভোট প্রদানে সমস্যার সম্মুখীন হবেন।
তাই ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবি জানানো হয় রিট আবেদনে।
বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি এমবি খোরশেদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে মহেশখালীর ভোটগ্রহণ পেছানোর নিদের্শ দেয় নির্বাচন কমিশনকে।
এর প্রেক্ষিতে কমিশন ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
দেশের প্রায় পাঁচশ’ উপজেলা পরিষদের মধ্যে ১০২টিতে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইসি। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি।
দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
