বাবর-নিজামীর ‘গোপন আঁতাত’ ছিল
দশ ট্রাক অস্ত্র দেশে আনার ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মধ্যে গোপন আঁতাত ছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলার পূর্ণাঙ্গ রায়ে আদালত বিষয়টি উল্লেখ করেছেন, যেটির একটি কপি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
গত ৩০ জানুয়ারি এই মামলায় রায় ঘোষণার পর গত ৪ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
রায়ে এই মামলার সাক্ষী তৎকালীন শিল্প সচিব ড. শোয়েব আহমদ ও বিসিআইসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামানের দেয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং আদালতে দেয়া সাক্ষ্য উদ্ধৃত করেন বিচারক।
পর্যবেক্ষণে বিচারক বলেন, অত্যন্ত উচ্চ পর্যায়ের সামাজিক মর্যাদাসম্পন্ন এ সাক্ষীদের সাক্ষ্যকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নেই।
“তৎকালীন মন্ত্রী মতিউর রহমান নিজামী একটি রাজনৈতিক দলের আমীর হলেও উল্লেখিত সাক্ষীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নন। শিল্পমন্ত্রীর অধীনে সরকারি দায়িত্ব পালনকালে তাদের সঙ্গে মন্ত্রীর কোনো মনোমালিন্য হয়েছে বলেও আসামি পক্ষ জেরায় তুলে ধরতে পারেনি।”
রায়ে বলা হয়, এত বড় ঘটনা সম্পর্কে এ দুই সাক্ষীর কাছ থেকে জানার পরও নিজামী তাৎক্ষণিকভাবে বা অব্যবহিত পরেও ঘটনার সুষ্ঠু তদন্তের বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
“যা করার স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে জানিয়ে যাবতীয় দায়িত্ব এড়িয়ে যান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ওপর ছেড়ে দেন।”
রায়ে বিচারক বলেন, “এতে এটাও বুঝা যায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে শিল্পমন্ত্রীর মামলার ঘটনাসম্পর্কিত একটা গোপন আঁতাত ছিল।
“তারই ধারাবাহিকতায় ঘটনার রাতে শিল্পমন্ত্রী (নিজামী) তার বিশ্বস্ত অতিরিক্ত সচিব নুরুল আমিনকে (ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি) সিইউএফএলের রেস্ট হাউজে পাঠিয়ে অস্ত্র খালাসের অপকর্মটি তদারকের দায়িত্ব দেন বলে প্রতীয়মান হয়।”
সার্বিক বিবেচনায় ঘটনার আগে থেকেই এবিষয়ে নিজামীর ‘যোগসূত্র’ থাকার বিষয়টিও প্রতিভাত হয় বলেও রায়ে উল্লেখ করেন বিচারক।
জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র
রায়ের শেষাংশে এই মামলার আসামি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, তারা কিছু দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রেখে হাজার হাজার ডলার ও আকর্ষণীয় উপহার গ্রহণ করেছেন।
“উলফা নেতা পরেশ বড়ুয়াসহ অন্য দেশের আতিথেয়তা গ্রহণ করে দেশে বিদেশে একাধিক গোপন বৈঠকে উপস্থিত থেকেছে।”
রায়ে বলা হয়, তাদের এসব উক্তি থেকে বুঝা যায়- তারা নিজ দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে গোটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র ও চোরাচালান আইনের মামলা দুটির রায় ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান।
চোরাচালান মামলার রায়ে ১৪ জনের প্রাণদণ্ড দেয়া হয়। পাশাপাশি অস্ত্র আইনের মামলায় একটি ধারায় ৩০ বছরের যাবজ্জীবন ও অন্য একটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেয় আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক অতিরিক্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার সাহাব উদ্দিন আহাম্মদ, এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, ‘চোরাকারবারি’ হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ এবং চোরাকারবারিদের সহযোগী হাজি আবদুস সোবহান।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে সিইউএফএল জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।
পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে এই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।
অস্ত্র উদ্ধারের পর ২০০৪ সালের ৩ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে একটি এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে আরেকটি অন্য মামলাটি করা হয়।
পাঁচ দফা তদন্ত কর্মকর্তা বদল এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২৯ নভেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
তিন বছরেরও বেশি সময় শুনানির পর গত ১৩ জানুয়ারি দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ।
