ইবি শিক্ষক সমিতিতে আওয়ামী প্যানেল বিজয়ী
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগপন্থী প্যানেল জয়লাভ করেছে। দুটি সদস্য পদ ছাড়া বাকি সব পদে তারা জয়লাভ করেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তা বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনে ভোটগ্রহণ চলে। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সোলায়মান।
১৯৯৩ সালে সমিতির নির্বাচন শুরুর দীর্ঘ ২০ বছর পর আওয়ামী লীগপন্থীরা সমিতিতে জয়লাভ করলেন।
অধ্যাপক সোলায়মান জানান, এ বছর ৩৫৫ ভোটারের মধ্যে ৩২৩ জন ভোট দেন। ১৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান পান ১৪৯ ভোট।
১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন আওয়ামীপন্থী অধ্যাপক ড. হারুনর রশীদ আসকারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন পান ১৪৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মামুনুর রহমান বিজয়ী হয়েছেন।
সদস্যরা হলেন একই প্যানেলের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ, প্রফেসর ড. মনিরুজ্জামান, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, মোহাম্মদ মিজানুর রহমান এবং তারেক হাসান আল মাহমুদ।
বিএনপি-জামায়াত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে ড. জাহিদুল ইসলাম ও মো. ফকরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
১৯৯৩ সালের পর শিক্ষক সমিতি নির্বাচনে এই প্রথম আওয়ামীপন্থী প্যানেল বিএনপি-জামায়াতপন্থী প্যানেলকে পরাজিত করল।
