২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার আরো ৪৩ জনের পরিচয় মিলল

সাভারের রানা প্লাজা ধসে নিহতদের মধ্যে পরিচয় না জেনে যাদের দাফন করা হয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে আরো ৪৩ জনের পরিচয় সনাক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:50 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

নতুন করে সনাক্ত এই ৪৩ জনের তালিকা রোববার ল্যাব থেকে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে ল্যাবের প্রধান শরীফ মোহাম্মদ আখতারুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই নিয়ে রানা প্লাজা ধসে নিহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের মোট ২০০ জনের পরিচয় সনাক্ত করা হল। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৫৭ জনের পরিচয় সনাক্ত করা হয়।

“এছাড়া আরো ১০ নমুনা পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর ১১২টি নমুনার সাথে দাবিকৃতদের কারোর নমুনা মিলছে না।”

গত বছরের এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন নিহত হন। তাদের মধ্যে ৩০০ জনের বেশি মানুষের পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় হিসেবে তাদের রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার লক্ষ্যে তাদের পরিচয় উদ্ধারে ডিএনএ পরীক্ষা চলছে।

ইতিহাসের ভয়াবহতম এই ভবন ধসে প্রাণহানির ঘটনায় পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়।

ওই ভবনে সাতটি তৈরি পোশাক কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করতেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, যাদের অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি এবং কয়েকটি আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান এগিয়ে আসে। সহযোগিতার একটি বড় অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হয়।

কিন্তু পরিচয় সনাক্ত না হওয়ায় অনেক পরিবারই এখনো কোনো সহায়তা পায়নি। আবার পরিচয় সনাক্তদের পরিবারও সম্পূর্ণ সহায়তার অর্থ পায়নি।

এই সহায়তা কাকে কতো দেয়া হবে তা নির্ধারণে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি কিছু সুপারিশ করলেও তা এখনো কার্যকর হয়নি।