এসএসসি: প্রথম দিন ৬৭৭৮ অনুপস্থিত, বহিষ্কার ৯
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬ হাজার ৭৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, বহিষ্কৃত হয়েছে নয়জন।
‘শিক্ষার্থীদের ক্ষতির কারণ ঘটাবেন না’
এসএসসিতে বসেছে ১৪ লাখ শিক্ষার্থী
রোববার সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষা উপলক্ষে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনে আট বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ সৃজনশীল পরীক্ষা হয়েছে প্রথম দিনে।
ঢাকা বোর্ডে ৮৭৬ জন, রাজশাহীতে ৩৩৭ জন, কুমিল্লায় ৬০২ জন, যশোরে ৪৪২ জন, চট্টগ্রামে ৩১৮ জন, সিলেটে ১৯৭ জন, রবিশালে ২১২ জন এবং দিনাজপুর বোর্ডে ৩৪২ জন অনুপস্থিত ছিল।
মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৪০০ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৫২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
নকল করায় মাদ্রাসা বোর্ডে দুইজন, কারিগরি বোর্ডে ছয়জন এবং যশোর বোর্ডে এক পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
দেশের ২ হাজার ৯৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী।
এবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি ২১টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হচ্ছে।
আগামী ২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২০ মে’র মধ্যে ফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এই পরীক্ষায় এবার ১ লাখ ২৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী বেড়েছে।
গত জেএসসি-জেডিসি, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষা বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের মুখে পড়ায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব মহলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী।
এবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন।
এবারো দৃষ্টি প্রতিবন্ধী ও সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছেন। এদেরকে অতিরিক্ত ২০ মিনিট সময়ও দেয়া হয়েছে।
গত পাঁচ বছর ১ ফেব্রুয়ারি খেকে এসএসসি পরীক্ষা নেয়া হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা আট দিন পিছিয়ে দেয়া হয়।
