২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ

‘পূর্ববিরোধের জেরে’ নাটোর শহরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর করে বাড়ির মালামালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার দুপুরে কানাইখালি মহল্লায় আফজাল হোসেনের বাড়িতে এ হামলা চলাকালে তারা বাড়ির লোকজনকে মারধরও করে বলে পুলিশ জানিয়েছে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের বাড়িতে হামলা করে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ঘরের ভেতর ঢুকে টেলিভিশন, রিফ্রিজারেটর ও আসবাবপত্র ভাংচুর করে।

পরে তারা একটি ঘরের মেঝেতে বিছানার চাদর ও জানালার পর্দা জড়ো করে আগুন ধরিয়ে দেয়।

এ সময় প্রতিবাদ করলে দুর্বৃত্তরা আফজাল হোসেনের স্ত্রী ও ছেলেকে মারপিট করে চলে যায়।

পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

এসআই জালাল আরো জানান, আফজাল হোসেনের ছেলেদের সঙ্গে সরকার সমর্থক কিছু যুবকের আগে থেকে বিরোধ ছিল। তার জেরেই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আফজাল হোসেনের ছেলে রনি হোসেন বলেন, গত ২ ডিসেম্বর সরকারি দলের লোকজন তাকে গুলি করে এবং তার বন্ধু সুজনকে গুলি করে হত্যা করেছিল।

ওই ঘটনায় যারা জড়িত ছিল তারাই এ তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি দাবিতে গত ২ ডিসেম্বর ডাকা আধাবেলা হরতালের সমর্থনে নাটোর শহরে মিছিল করার সময় বিএনপির সঙ্গে পুলিশ ও সরকার দলীয় সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে সুজন নামের একজন নিহত হন, যাকে নিজেদের কর্মী বলে দাবি করে বিএনপি।