বরিশালে `ডাকাতের' গাড়ি চাপায় পুলিশ আহত
বরিশালে সন্দেহভাজন ডাকাত দল ধরতে গিয়ে তাদের-ই মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।
রোববার বেলা ১২টার দিকে নগরীর রূপতলী লিলি পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনের (৩৮) শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ৩টার দিকে তাকে র্যাবের একটি হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাওয়া হয়।
সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। এরআগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয় ।
আহত আনোয়ার বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় দায়িত্বরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জ এলাকায়।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সন্দীপন দত্ত জানান, আনোয়ারের পেট ও মাথার একাংশের উপর দিয়ে মাইক্রোবাসের চাকা ওঠে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বরিশাল মেট্রো পুলিশের উপ-কমিশনার সোয়েব আহম্মেদ জানান, স্বর্ণের দোকান ডাকাতির উদ্দেশ্যে একটি ডাকাত দল নগরীতে প্রবেশ করেছে এমন খবর ছিল ডিবি পুলিশের কাছে।
এ খবরের ভিত্তিতে সকাল থেকে রূপাতলী লিলি পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
বেলা ১২টার দিকে পটুয়াখালীর দিক থেকে আসা ওটি মাইক্রোবাস সেখানে পৌছলে তাদের সন্দেহ হয়। তারা মাইক্রোবাসটিতে তল্লাশি করতে গেলে মাইক্রোবাসে থাকা কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যায়।
আর মাইক্রোবাসের সামনে দাড়িয়ে থাকা আনোয়ারকে চাপা দিয়ে চালক পালিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় পুলিশ ৩ রাউন্ড গুলি করে বলে সোয়েব আহম্মেদ জানান।
এদিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সিএ্যান্ডবি রোড ফরাজি ওয়ার্কসপ এলাকা থেকে চালকসহ ওই মাক্রোবাসটি আটক করেছে পুলিশ।
পুলিশ কমিশনার কার্যালয়ে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার নাম জানাতে রাজি হয়নি পুলিশ।
