জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জাতীয় পত্রিকায়ও বিজ্ঞাপন আকারে ছাপানো হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছয়টি পালায় এ পরীক্ষা হবে।
১৬ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত, ১৭ ফেব্রুয়ারি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান, ১৮ ফেব্রুয়ারি ইনফরমেশন টেকনোলজি, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিদ্যা, ১৯ ফেব্রুয়ারি ফার্মেসি, মাক্রোবায়োলজি, ২২ ফেব্রুয়ারি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের পরীক্ষা হবে।
২৩ ফেব্রুয়ারি অর্থনীতি, নৃবিজ্ঞান ও লোকপ্রশাসন, ২৪ ফেব্রুয়ারি সরকার ও রাজনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ, নগর ও অঞ্চল পরিকল্পনা, বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা হবে।
২৫ ফেব্রুয়ারি বাংলা, আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাস বিভাগের, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, দর্শন, প্রত্নতত্ব, নাটক ও নাট্যতত্ব বিভাগের, ২৭ ফেব্রুয়ারি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, চারুকলা, আইন ও বিচার বিভাগের, ১ মার্চ মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং ২ মার্চ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ভর্তি পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট www.juniv.edu. থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
চলতি বছর প্রায় ২৪০০ আসনের বিপরীতে চার লাখ ৪৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি নিবন্ধকের কার্যালয় থেকে জানানো হয়।
